বন্ধ হচ্ছে উইন্ডোজ সাতের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন আগামী বছরের ১৩ জানুয়ারির পর আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের সেবা দেওয়া বন্ধ করে দেবে। এ সময়ের পর মাইক্রোসফট উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের আর কোনো নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করবে না। একই পদ্ধতিতে ২০১৮ সালের ৯ জানুয়ারির পর উইন্ডোজ ৮ এবং ৮.১ সংস্করণের নিরাপত্তা হালনাগাদ বন্ধ হয়ে যাবে।
চলতি বছর একই পদ্ধতিতে মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি সংস্করণের নিরাপত্তাবিষয়ক হালনাগাদ সুবিধা বন্ধ করে দেওয়া হয়। তবে ব্যবসায়ীরা এ সেবাকে আরও পাঁচ বছর বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত করার ব্যাপারে মাইক্রোসফটকে অনুরোধ জানিয়েছে। তাদের মতে, উইন্ডোজ এক্সপির নিরাপত্তা হালনাগাদ সেবা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রতিষ্ঠানের পিসিগুলোকে হালনাগাদ করে উইন্ডোজ ৭-এ যাচ্ছে। যদিও বর্তমানে মাইক্রোসফটের উইন্ডোজ ৮ ও ৮.১ সংস্করণ চলছে। এর আগে উইন্ডোজ এক্সপির সেবা ১৩ বছর পর্যন্ত দেওয়া হয়।
মূলত মাইক্রোসফট নিজেদের সর্বশেষ হালনাগাদযুক্ত সংস্করণের ব্যবহার বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মতে, উইন্ডোজ ৮ ব্যবহারকারী বাড়লেই এর সেবা বাড়বে। এ ছাড়া ইতিমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ ৯ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আগামী বছরেই নতুন এ সংস্করণটি ছাড়া হবে।
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম